মুনাফিকের লক্ষণ: কুরআন ও সুন্নাহর আলোকে

ঈমান ও কুফরের অবিরাম দ্বন্দ্বে একজন মুমিনের সবচেয়ে বড় ভয় হলো নিফাক (মুনাফিকি) । যা অজান্তেই অন্তরে জায়গা করে নেয় এবং ধীরে ধীরে ঈমানকে দুর্বল করে দেয়। পবিত্র কুরআনের বিভিন্ন স্থানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুনাফিকদের পরিচয়, স্বভাব ও পরিণতি স্পষ্টভাবে তুলে ধরেছেন, যাতে মুমিনরা সতর্ক হতে পারে। প্রিয় নবী মুহাম্মাদ ﷺ তাঁর হাদিসে সতর্ক করে দিয়েছেন যে, শুধু মুখে ঈমানের দাবি করাই যথেষ্ট নয়; বরং কথা, আমল ও চরিত্রে সত্যতা থাকতে হবে। সহিহ হাদিসে মুনাফিকের সুস্পষ্ট লক্ষণ বর্ণিত হয়েছে, যা প্রত্যেক মুসলিমের জানা জরুরি।

বর্তমান ফেতনার যুগে আত্মশুদ্ধি বা তাযকিয়াতুন নাফস অর্জন করতে এবং জাহান্নামের কঠিন শাস্তি থেকে বাঁচতে মুনাফিকের লক্ষণগুলো চিহ্নিত করা ও তা থেকে দূরে থাকা ঈমান রক্ষার অপরিহার্য অংশ। এই আলোচনায় আমরা কুরআন ও সহিহ হাদিসের দলিলের ভিত্তিতে মুনাফিকের চিহ্নগুলো জানব ইনশাআল্লাহ, যাতে আমাদের ঈমানি জীবন আরও দৃঢ় ও বিশুদ্ধ হয়।

নিফাক বা মুনাফিকি কী?

ইসলামী পরিভাষায়, অন্তরে কুফর বা অবাধ্যতা গোপন রেখে মুখে ইসলামের প্রকাশ ঘটানোকে ‘নিফাক’ বলা হয়। যারা এই কাজ করে, তাদের বলা হয় ‘মুনাফিক’। উলামায়ে কিরাম নিফাককে প্রধানত দুই ভাগে ভাগ করেছেন:

পবিত্র কুরআনের আলোকে মুনাফিকের পরিচয় ও লক্ষণ

আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনের আয়াতগুলোতে মুনাফিকদের লক্ষণ গুলো স্পষ্ট করে তুলে ধরেছেন, যেন মুমিনরা সতর্ক হতে পারে। যারা মুখে ঈমানের কথা বলে কিন্তু অন্তরে সন্দেহ পোষণ করে, তাদের নিফাকি স্বভাব কুরআনে বারবার আলোচিত হয়েছে।

তারা নিজেদেরকে বুদ্ধিমান মনে করলেও আল্লাহর দৃষ্টিতে তারা বিভ্রান্ত ও অন্ধকারে নিমজ্জিত। নিচে কুরআনের আলোকে মুনাফিকদের প্রধান লক্ষণগুলো সংক্ষেপে উপস্থাপন করা হলো।

১। ফাসাদ বা অশান্তি সৃষ্টি করা: তাদেরকে যখন সত্যের পথে ডাকা হয় এবং পৃথিবীতে অনাচার সৃষ্টি করতে নিষেধ করা হয়, তখন তারা নিজেদেরকে প্রগতিশীল বা সংশোধনকারী হিসেবে দাবি করে। কিন্তু বাস্তবে তারা হলো শয়তানের অনুসারী এবং ফাসাদ সৃষ্টিকারী।

তাদেরকে যখন বলা হয়, ‘পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করো না’; তারা বলে, ‘আমরা তো সংশোধনকারী’। মূলতঃ তারাই অশান্তি সৃষ্টিকারী, কিন্তু তারা তা বুঝতে পারে না।  (সূরা বাকারা: ১১-১২)

২। মুমিনদের উপহাস ও নির্বোধ মনে করা: সাহাবায়ে কিরামের মতো খাঁটি ঈমান আনার কথা বললে তারা অহংকারের সাথে মুমিনদেরকে ‘নির্বোধ’ বলে আখ্যায়িত করে। আল্লাহ তাআলা ইরশাদ করেন,

যখন তাদেরকে বলা হয়, যে সব লোক ঈমান এনেছে তাদের মতো তোমরাও ঈমান আন, তারা বলে, ‘নির্বোধেরা যেমন ঈমান এনেছে, আমরাও কি তেমনি ঈমান আনব’? আসলে তারাই নির্বোধ, কিন্তু তারা তা’ বুঝতে পারে না। (সূরা বাকারা: ১৩)

৩। দ্বিমুখী আচরণ ও মিথ্যা দাবি: মুনাফিকরা মুমিনদের সামনে এসে বলে ‘আমরা ঈমান এনেছি’, কিন্তু একান্তে তাদের কুফরি সর্দারদের (শয়তানদের) সাথে মিলিত হয় এবং  বলে ‘আমরা তোমাদের সাথেই আছি’। এই বিষয়ে  আল্লাহ বলেন,

যখন তারা মু’মিনদের সংস্পর্শে আসে তখন বলে, ‘আমরা ঈমান এনেছি’; আর যখন তারা নিভৃতে তাদের শয়ত্বানদের (সর্দারদের) সঙ্গে মিলিত হয় তখন বলে, ‘আমরা তোমাদের সাথেই আছি, আমরা শুধু তাদের সঙ্গে ঠাট্টা-তামাশা করি মাত্র’। (সূরা বাকারা: ১৪)

৪। উপলব্ধিহীন ও অন্ধকারাচ্ছন্ন নফস: মুনাফিকদের অবস্থা এমন এক ব্যক্তির মতো যে আলো জ্বালিয়েও তা থেকে বঞ্চিত হয়। তাদের হঠকারিতার কারণে আল্লাহ তাদের হিদায়াতের নূর কেড়ে নেন। এই বিষয়ে  আল্লাহ বলেন,

তাদের উদাহরণ, যেমন এক ব্যক্তি আগুন জ্বালালো, তা যখন তার চারদিক আলোকিত করল আল্লাহ তখন তাদের জ্যোতি অপসারণ করে দিলেন এবং তাদেরকে এমন ঘন অন্ধকারে ফেলে দিলেন যে, তারা কিছুই দেখতে পায় না। (সূরা বাকারা: ১৭)

৫। সৎ কাজে বাধা ও কৃপণতা: মুনাফিকদের চরিত্র কেবল তাদের ব্যক্তিগত ইবাদতের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং তাদের এই কপটতা সমাজ ও অর্থনীতির ক্ষেত্রেও মারাত্মক প্রভাব ফেলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তওবায় মুনাফিক পুরুষ ও নারীদের একটি সাধারণ বৈশিষ্ট্য উল্লেখ করেছেন, যা তাদের পারস্পরিক সংহতি এবং দ্বীনের প্রতি বিমুখতাকে প্রকাশ করে।

আল্লাহ তাআলা ইরশাদ করেন,

”মুনাফিক পুরুষ আর মুনাফিক নারী সব এক রকম, তারা অন্যায় কাজের নির্দেশ দেয় আর সৎ কাজ করতে নিষেধ করে, (আল্লাহর পথে ব্যয় করার ব্যাপারে) হাত গুটিয়ে রাখে, তারা আল্লাহকে ভুলে গেছে, তাই তিনিও তাদেরকে ভুলে গেছেন। মুনাফিকরাই তো ফাসিক।” (সূরা তাওবাহ: ৬৭)

৬। ইবাদতে অলসতা: মুনাফিকদের অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো তাদের ইবাদত আল্লাহর সন্তুষ্টির জন্য নয়, বরং অপরকে প্রদর্শনীর (রিয়া) জন্য। আল্লাহ তাআলা ইরশাদ করেন, 

নিশ্চয় মুনাফিকগণ আল্লাহর সঙ্গে ধোঁকাবাজি করে, তিনি তাদেরকে ধোঁকায় ফেলে শাস্তি দেন এবং তারা যখন সলাতের জন্য দাঁড়ায়, তখন শৈথিল্যভরে দাঁড়ায়, লোক দেখানোর জন্য, তারা আল্লাহকে সামান্যই স্মরণ করে।(সূরা নিসা: ১৪২)

৭। সংকটে সংশয় ও জিহাদে অনীহা: মুনাফিকদের অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো তারা সুখের সময় বড় বড় বুলি আওড়ালেও দ্বীনের জন্য ত্যাগ বা কোনো কঠিন পরীক্ষার সম্মুখীন হলে তাদের আসল চেহারা উন্মোচিত হয়ে যায়। বিশেষ করে যখন বাতিলের বিরুদ্ধে লড়াই বা জান-মালের ত্যাগের প্রশ্ন আসে, তখন তাদের অন্তরের ‘নিফাক’ (মুনাফিকি) প্রকাশ পেয়ে যায়।

আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন,

”মু’মিনরা বলে- একটি সূরাহ নাযিল হয় না কেন? অতঃপর যখন কোন সুস্পষ্ট অর্থবোধক সূরাহ অবতীর্ণ হয় আর তাতে যুদ্ধের কথা উল্লেখ থাকে, তখন যাদের অন্তরে রোগ আছে তুমি তাদেরকে দেখবে মৃত্যুর ভয়ে জ্ঞানহারা লোকের মত তোমার দিকে তাকাচ্ছে। কাজেই ধ্বংস তাদের জন্য।” (সূরা মুহাম্মদ :২০) 

সহিহ হাদীসের আলোকে মুনাফিকের লক্ষণ

পবিত্র কুরআনের দিকনির্দেশনার পাশাপাশি আল্লাহর রাসূল ﷺ মুনাফিকদের চেনার জন্য কিছু সুস্পষ্ট ও বাস্তব নিদর্শন বর্ণনা করেছেন। ঈমান শুধু মুখের উচ্চারণে সীমাবদ্ধ নয়; বরং আমাদের কথা, আমানতদারি, প্রতিশ্রুতি ও দৈনন্দিন আচরণেই তার সত্যতা প্রকাশ পায়। যখন মানুষের কথা ও কাজে অসঙ্গতি দেখা দেয়, তখন সেটিই নিফাকের লক্ষণ হিসেবে বিবেচিত হয়। প্রিয় নবী মুহাম্মাদ ﷺ তাঁর উম্মতকে এ বিষয়ে গভীরভাবে সতর্ক করেছেন, যাতে কেউ অজান্তেই এই স্বভাবের শিকার না হয়।

সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আনহুম নিজেদের ঈমান নিয়ে সবসময় শঙ্কিত থাকতেন এবং চরিত্রে সামান্য নিফাকের ছাপ দেখলেও তা দূর করার চেষ্টা করতেন। সহিহ হাদিস এর আলোকে নিচে মুনাফিকের সেই স্পষ্ট ও সতর্কবার্তামূলক নিদর্শনগুলো তুলে ধরা হলো।

১। চারটি ভয়ংকর স্বভাব: মানুষের আসল চরিত্র প্রকাশ পায় তার লেনদেন, কথাবার্তা ও আচরণের ভেতর দিয়ে। বাহ্যিকভাবে ধার্মিকতার ছাপ থাকলেও, যদি নৈতিকতার ভিত নড়বড়ে হয়, তবে সেই ঈমান ঝুঁকির মুখে পড়ে। তাই রাসূলুল্লাহ ﷺ আমাদের এমন কিছু স্পষ্ট বৈশিষ্ট্যের কথা জানিয়েছেন, যা অন্তরে মুনাফিকের পরিচয় বহন করে। এগুলো শুধু বড় গুনাহ নয়, বরং চরিত্রকে ধ্বংসের দিকে ঠেলে দেয়।

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,

চারটি স্বভাব যার মধ্যে বিদ্যমান সে হচ্ছে খাঁটি মুনাফিক। যার মধ্যে এর কোন একটি স্বভাব থাকবে, তা পরিত্যাগ না করা পর্যন্ত তার মধ্যে মুনাফিকের একটি স্বভাব থেকে যায়। ১. আমানত রাখা হলে খিয়ানত করে; ২. কথা বললে মিথ্যা বলে; ৩. অঙ্গীকার করলে ভঙ্গ করে; এবং ৪. বিবাদে লিপ্ত হলে অশ্লীলভাবে গালাগালি দেয়।(সহিহ বুখারী: ৩৪)

২। ইবাদতের পরীক্ষা: মানুষের ঈমানের সত্যতা সবচেয়ে বেশি প্রকাশ পায় তার ইবাদতের মাধ্যমে। যখন কেউ নির্জনে, ক্লান্ত শরীরে, ঘুমের তন্দ্রা ভেঙে শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য দাঁড়িয়ে যায়, তখনই বোঝা যায় তার অন্তর কতটা পরিশুদ্ধ। আর এখানেই মুমিন ও মুনাফিকের মাঝে স্পষ্ট পার্থক্য তৈরি হয়।

রাসূলুল্লাহ ﷺ বলেন:

মুনাফিকদের জন্য ফজর ও ইশার সালাত অপেক্ষা অধিক ভারী সালাত আর নেই। এ দু’ সালাতের কী ফাযীলাত, তা যদি তারা জানতো, তবে হামাগুড়ি দিয়ে হলেও তারা উপস্থিত হতো। (রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন) আমি ইচ্ছে করেছিলাম যে, মুয়ায্যিনকে ইকামাত দিতে বলি এবং কাউকে লোকদের ইমামত করতে বলি, আর আমি নিজে একটি আগুনের মশাল নিয়ে গিয়ে অতঃপর যারা সালাতে আসেনি, তাদের উপর আগুন ধরিয়ে দেই। (সহিহ বুখারী ৬৫৭)

মুনাফিকি থেকে বাঁচার উপায়

আমাদের উচিত সর্বপ্রথম আমাদের নফস-কে পবিত্র রাখা। মানুষের চোখে ভালো দেখানোর চেয়ে আল্লাহর কাছে কবুল হওয়াটাই যখন লক্ষ্য হয়ে যায়, তখন আমলও পরিশুদ্ধ হতে শুরু করে। তাই প্রতিটি কাজের আগে নিজের নিয়তকে প্রশ্ন করা জরুরি আমি কি এটি শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য করছি, নাকি কারও প্রশংসা পাওয়ার আশায়?

নিয়মিত ইবাদত, বিশেষ করে জামাতে সালাত আদায়, হৃদয়কে সজীব রাখে এবং অলসতা ও উদাসীনতা দূর করে। পাশাপাশি কথা ও আচরণে সংযম রাখা, আমানত রক্ষা করা এবং প্রতিশ্রুতিতে অটল থাকা একজন মুমিনের চরিত্রকে দৃঢ় করে তোলে। বিপদে বা স্বার্থের মুহূর্তেও যে সত্যকে আঁকড়ে ধরে, তার অন্তর ধীরে ধীরে নিফাকের অন্ধকার থেকে মুক্ত হয়ে ঈমানের আলোয় আলোকিত হয়।

নিফাক থেকে মুক্তির কিছু কার্যকর উপায়:

সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম নিজেদের ঈমানের ব্যাপারে সবসময় অত্যন্ত সতর্ক ও সচেতন থাকতেন। তারা আশঙ্কা করতেন, তাদের কোনো কথা বা কাজে যেন ঈমানের ঘাটতি প্রকাশ না পায় বা আল্লাহর অসন্তুষ্টির কারণ না হয়ে যায়। আমাদেরও উচিত নিয়মিত আত্মসমালোচনা করা, তাওবা করা এবং আল্লাহর কাছে অন্তরের পবিত্রতার জন্য দোয়া করা। কারণ আত্মশুদ্ধির জন্য চেষ্টা করাই একজন মুমিনকে নিফাক থেকে হেফাজত করে।

আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের অন্তরগুলোকে নিফাকের অন্ধকার থেকে পবিত্র করুন এবং আমাদের প্রকৃত মুমিন হিসেবে কবুল করুন। আমিন। আরও পড়ুন