
বিস্ময়কর এই মহাবিশ্বের বিশালতা থেকে শুরু করে মানুষের হৃদয়ের গহীন প্রশান্তি সবকিছুর এক মানচিত্র হলো পবিত্র কুরআন। এটি কেবল তেলাওয়াতের জন্য একটি গ্রন্থ নয়, বরং আধুনিক যুগের জটিল গোলকধাঁধায় পথ হারানো প্রতিটি মানুষের জন্য এক পরম নির্ভরতা এবং পূর্ণাঙ্গ জীবনবিধান। যারা আল কুরআনের সংক্ষিপ্ত পরিচয় জানার মাধ্যমে নিজের জীবনকে নতুনভাবে সাজাতে চান, তাদের জন্য এই মহাগ্রন্থের ১২টি মৌলিক দিক জানা অপরিহার্য। আপনি কি জানেন, কীভাবে ১৪০০ বছর আগের এই বাণী আজও বিজ্ঞান, অর্থনীতি এবং মনস্তত্ত্বের কঠিন সমস্যার সমাধান দিচ্ছে? চলুন, কুরআনের সেই রহস্যময় ও আলোকোজ্জ্বল ভুবনে প্রবেশ করি, যা আপনার জীবন দেখার দৃষ্টিভঙ্গি বদলে দেবে চিরতরে।
তাওহীদ ও আকিদা
ইসলামিক জীবনদর্শনের এবং ঈমানের প্রধান খুঁটি হলো তাওহীদ বা আল্লাহর একত্ববাদ। কুরআনের মূল দাওয়াত হলো ইবাদত ও আনুগত্য একমাত্র আল্লাহর জন্য নিবেদন করা। পবিত্র কুরআনে বর্ণিত হয়েছে, “তিনি আকাশমন্ডলী ও যমীনের উদ্ভাবক, কীভাবে তাঁর সন্তান হতে পারে যেহেতু তাঁর কোন সঙ্গীণীই নেই, সব কিছু তো তিনিই সৃষ্টি করেছেন, আর প্রতিটি জিনিস সম্পর্কে তিনি পূর্ণ জ্ঞান রাখেন।” (সূরা আন’আম: ১০১)। এই তাওহীদী বিশ্বাস মানুষের অন্তরে এমন এক শক্তি জোগায় যা তাকে দুনিয়াবি ভয় এবং অস্থিরতা থেকে মুক্তি দেয়। যখন একজন মানুষ বিশ্বাস করে যে সবকিছুর নিয়ন্ত্রক একমাত্র আল্লাহ, তখন তার মধ্যে অদম্য সাহস ও মানসিক প্রশান্তি তৈরি হয়।তাওহীদ হলো মুমিনের অস্তিত্বের সারবত্তা, যা কেবল আকিদাহর কিতাবে সীমাবদ্ধ নয়; বরং তা দৈনন্দিন জীবনের প্রতিটি মোড়ে হিদায়াতের নূর হয়ে কাজ করে। আল্লাহর রুবুবিয়্যাত ও উলুহিয়্যাতের ওপর পূর্ণ বিশ্বাস একজন মুমিনকে ‘ইয়াাস’ (হতাশা) নামক ব্যাধি থেকে মুক্ত করে ‘রজা’ (আশা) ও ‘স্কিনাহ’ (প্রশান্তি) দান করে। যার অন্তরে আল্লাহ আছেন, তার চিন্তায় কোনো অস্থিরতা নেই। পবিত্র কুরআনে বর্ণিত হয়েছে, “তারাই ঈমান আনে এবং আল্লাহর স্মরণে তাদের অন্তর প্রশান্তি লাভ করে। জেনে রেখ, আল্লাহর জিকির (স্মরণ ও তাওহীদ) দ্বারাই সত্যিকারের প্রশান্তি লাভ করা যায়।” (সূরা রাদ: ২৮)
আহকাম ও জীবনবিধান
পবিত্র কুরআন কেবল পরকালীন মুক্তির কথা বলে না, এটি দুনিয়ার জীবনকে সুশৃঙ্খল করার জন্য একটি পূর্ণাঙ্গ জীবনবিধান প্রদান করে। আল্লাহ তাআলা আমাদের দৈনন্দিন জীবনের জন্য আদেশ এবং নিষেধ নির্ধারণ করেছেন, যাকে শরীয়তগত বিধান বা আহকাম বলা হয়। কুরআনুল কারীমে এর গুরুত্ব সম্পর্কে ইরশাদ হয়েছে: “হে বিশ্বাসীগণ! আল্লাহ ও তাঁর রসূলের আনুগত্য কর এবং আদেশ শোনার পর তা অমান্য কর না।” (সূরা আনফাল: ২০)। এই আহকামের মধ্যে রয়েছে সালাত, যাকাত, সিয়াম ও হজের মতো ইবাদত যা মানুষের নৈতিক চরিত্র গঠন করে। এছাড়াও ব্যবসায়িক লেনদেন, পারিবারিক সম্পর্ক এবং বিচার ব্যবস্থার জন্য এটি এক অনন্য মানদণ্ড। কুরআনে বর্ণিত আছে, “নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন, হকদারদের হক তাদের কাছে পৌঁছে দিতে। তোমরা যখন মানুষের মাঝে বিচার করবে তখন ন্যায়পরায়ণতার সঙ্গে বিচার করবে। আল্লাহ তোমাদেরকে কত উত্তম উপদেশই না দিচ্ছেন; নিশ্চয়ই আল্লাহ সবকিছু শোনেন, সবকিছু দেখেন।” (সূরা নিসা: ৫৮)। অর্থাৎ কুরআনের এই বিধানগুলো ব্যক্তিগত উন্নতির পাশাপাশি একটি সুশৃঙ্খল সমাজ গঠন এবং মানবিক মর্যাদা নিশ্চিতে অবিচ্ছেদ্য ভূমিকা পালন করে। যার ফলে একজন মানুষ সৎ, ন্যায়নিষ্ঠ এবং দায়িত্বশীল নাগরিক হিসেবে সমাজে অবদান রাখতে পারে।
কাসাসুল কুরআন: ইতিহাসের দৃষ্টান্ত
কুরআনে বর্ণিত পূর্ববর্তী নবী-রাসূল ও বিভিন্ন জাতির কাহিনীগুলো কেবল গল্প নয়, বরং এগুলো প্রতিটি সময়ের মানুষের জন্য এক একটি জীবন্ত দৃষ্টান্ত। এই ঐতিহাসিক কাহিনীগুলোকে কাসাসুল কুরআন বলা হয়। আল্লাহ তাআলা বলেন: ” আমি তাকে দান করেছিলাম ইসহাক আর ইয়াকূব; তাদের প্রত্যেককে সৎ পথ দেখিয়েছিলাম, আর এর পূর্বে নূহকে সৎ পথ দেখিয়েছিলাম আর তার বংশধর থেকে দাঊদ, সুলাইমান, আইঊব, ইউসুফ, মূসা ও হারূনকে (সৎ পথ দেখিয়েছিলাম), সৎ কর্মশীলদের আমি এভাবেই পুরস্কৃত করে থাকি। আর যাকারিয়া, ইয়াহইয়া, ‘ঈসা ও ইলিয়াস- এরা সবাই সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত। আর ইসমাঈল, আল ইয়াসা‘আ, ইউনুস ও লূত- এদের প্রত্যেককে আমি বিশ্বজগতে জাতিসমূহের উপর শ্রেষ্ঠত্ব দান করেছিলাম।
তাদের পিতৃপুরুষ, বংশধর ও ভ্রাতৃবর্গ থেকে তাদেরকে বেছে নিয়েছি আর সত্য-সঠিক পথে পরিচালিত করেছি।” (সূরা আনআম: ৮৪-৮৭)। নূহ (আ.), ইব্রাহিম (আ.) এবং মুসা (আ.)-এর জীবনের কঠিন বাস্তবতা গুলো থেকে আমারা শিক্ষা নিতে পারি যে, প্রতিকূল পরিস্থিতিতেও কীভাবে আল্লাহর ওপর বিশ্বাস রাখতে হয়। রাসূলুল্লাহ (সা.) বলেছেন: “রসূলদের যে সব সংবাদসমূহ আমি তোমার কাছে বর্ণনা করলাম, এর দ্বারা আমি তোমার দিলকে মযবুত করছি, এতে তুমি প্রকৃত সত্যের জ্ঞান লাভ করবে আর মু’মিনদের জন্য এটা উপদেশ ও স্মারক।” (সূরা হুদ: ১২০)। এই কাহিনীগুলো আমাদের বর্তমান জীবনের বিভিন্ন সংকটময় মুহূর্তে ধৈর্য ধারণের প্রেরণা দেয় এবং শিক্ষা দেয় যে অন্যায়ের পরাজয় নিশ্চিত। সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকাই যে সফলতার মূল চাবিকাঠি, তা এই ইসলামিক ইতিহাস ও শিক্ষা থেকে স্পষ্ট হয়।
কুরআন ও আধুনিক বিজ্ঞান
পবিত্র কুরআন মূলত একটি হিদায়াত গ্রন্থ হলেও এতে বর্ণিত মহাবিশ্বের সৃষ্টিতত্ত্ব ও বৈজ্ঞানিক নিদর্শনগুলো আধুনিক বিজ্ঞানীদের প্রতিনিয়ত বিস্মিত করছে। মহাবিশ্বের সূচনা সম্পর্কে আধুনিক বিজ্ঞানের ‘বিগ ব্যাং’ তত্ত্ব এমনকি জীববিজ্ঞানের ক্ষেত্রেও কুরআনের বর্ণনা অতুলনীয়; যেমন প্রতিটি প্রাণ পানির উৎস থেকে সৃষ্টি করার বৈজ্ঞানিক সত্যটি আজ থেকে ১৪০০ বছর আগেই কুরআনে বর্ণিত হয়েছে। কুরআনে আল্লাহ তায়ালা বলেন, “অবিশ্বাসীরা কি দেখে না যে, আকাশ আর যমীন এক সঙ্গে সংযুক্ত ছিল, অতঃপর আমি উভয়কে আলাদা করে দিলাম, আর প্রাণসম্পন্ন সব কিছু পানি থেকে সৃষ্টি করলাম। তবুও কি তারা ঈমান আনবে না?” (সূরা আম্বিয়া: ৩০)। একইভাবে, ১৯২৯ সালে এডউইন হাবল মহাবিশ্বের প্রসারণশীলতা আবিষ্কার করার অনেক আগেই কুরআনে আল্লাহ তায়ালা ঘোষণা করেছেন যে, “আমি নিজ হাত দ্বারা আসমান সৃষ্টি করেছি আর আমি অবশ্যই মহা প্রশস্তকারী। আর যমীন- তাকে আমিই বিছিয়েছি, আমি কতই না সুন্দর (সমতল) প্রসারণকারী!“ (সূরা যারিয়াত: ৪৭-৪৮)। মানব সৃষ্টির সূচনা ও বিকাশের বিস্ময়কর ধাপসমূহ আল্লাহ তা‘আলার অসীম কুদরতের এক অপূর্ব নিদর্শন। পবিত্র কুরআনে মানব ভ্রূণের পর্যায়ক্রমিক বিকাশ এমন ভাষায় বর্ণিত হয়েছে, যা গভীরভাবে চিন্তা করলে হৃদয়কে ঈমানের আলোয় উদ্ভাসিত করে। আল্লাহ তা‘আলা বলেন, “আমি মানুষকে মাটির সারাংশ থেকে সৃষ্টি করেছি। অতঃপর আমি তাকে শুক্রবিন্দু রূপে এক সংরক্ষিত আধারে স্থাপন করেছি। পরে আমি শুক্রবিন্দুকে পরিণত করি জমাট বাঁধা রক্তে, অতঃপর মাংসপিন্ডকে পরিণত করি হাড্ডিতে, অতঃপর হাড্ডিকে আবৃত করি মাংস দিয়ে, অতঃপর তাকে এক নতুন সৃষ্টিতে উন্নীত করি। কাজেই সর্বোত্তম স্রষ্টা আল্লাহ কতই না মহান!” (সূরা মু’মিনুন ১২-১৪)। এছাড়া সমুদ্রবিজ্ঞানের ক্ষেত্রে দুই সমুদ্রের পানির মাঝে অদৃশ্য অন্তরায় বা পর্দার অস্তিত্বের কথা কুরআনে এমন এক সময়ে বলা হয়েছিল, যখন আধুনিক সমুদ্রবিদ্যা বা ওশানোগ্রাফির কোনো অস্তিত্বই ছিল না। কুরআনে বর্ণিত রয়েছে- “তিনিই সমুদ্রকে দু’ ধারায় প্রবাহিত করেছেন- একটি সুপেয় সুস্বাদু আরেকটি লবণাক্ত কটু, উভয়ের মাঝে টেনে দিয়েছেন এক আবরণ- এক অনতিক্রম্য বিভক্তি-প্রাচীর।” (সূরা ফুরকান: ৫৩)। মূলত এই বৈজ্ঞানিক মোজেজাগুলো প্রমাণ করে যে, কুরআন কোনো মানব রচিত গ্রন্থ নয়, বরং এটি মহাবিশ্বের পরম স্রষ্টার বাণী, যা বিজ্ঞানমনস্ক মানুষের ঈমানকে আরও সুসংহত ও মজবুত করে তোলে।
ইসলামিক অর্থনীতি
আজকের এই আধুনিক বিশ্বের পুঁজিবাদী অর্থব্যবস্থার বিপরীতে কুরআন আমাদের মাঝে এক ইনসাফপূর্ণ অর্থনৈতিক জীবনবিধান তুলে করে। কুরআনের (ইসলামিক) অর্থনীতির মূল ভিত্তি হলো সুদকে নির্মূল করা এবং যাকাত ব্যবস্থার মাধ্যমে দারিদ্র্য বিমোচন করা। আল্লাহ তাআলা বলেছেন: “যারা সূদ খায়, তারা সেই লোকের মত দাঁড়াবে যাকে শয়ত্বান স্পর্শ দ্বারা বেহুশ করে দেয়, এ শাস্তি এজন্য যে, তারা বলে, ‘ক্রয়-বিক্রয় সূদের মতই’, অথচ কারবারকে আল্লাহ হালাল করেছেন এবং তিনি সূদকে হারাম করেছেন। সুতরাং যার নিকট তার প্রতিপালকের পক্ষ হতে উপদেশবাণী পৌঁছল এবং সে বিরত হল, পূর্বে যা (সূদের আদান-প্রদান) হয়ে গেছে, তা তারই, তার বিষয় আল্লাহর জিম্মায় এবং যারা আবার আরম্ভ করবে তারাই অগ্নির বাসিন্দা, তারা তাতে চিরকাল থাকবে।”(সূরা বাকারা: ২৭৫)। বর্তমান সমাজে যে আকাশচুম্বী বৈষম্য, তা নিরসনে সুদবিহীন সমাজ ও ব্যাংকিং ব্যবস্থার কোনো বিকল্প নেই। আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছে যেন সম্পদ কেবল ধনীদের হাতে কুক্ষিগত না থাকে। কুরআনে বর্ণিত হয়েছে- “সদাক্বাহ হল ফকীর, মিসকীন ও তৎসংশ্লিষ্ট কর্মচারী ও যাদের মন জয় করা উদ্দেশ্য তাদের জন্য, দাসমুক্তি ও ঋণগ্রস্তদের জন্য, আল্লাহর পথে (ব্যয়ের জন্য) আর মুসাফিরের জন্য। এটা আল্লাহ কর্তৃক নির্ধারিত ফরয। আর আল্লাহ হলেন সর্বজ্ঞ, মহাবিজ্ঞানী।” (সূরা তাওবাহ: ৬০)। রাসূলুল্লাহ (সা.) বলেছেন, “আমি ও ইয়াতীমের প্রতিপালনকারী জান্নাতে এমনিভাবে নিকটে থাকবে। এই বলে তিনি শাহাদাত ও মধ্যমা আঙ্গুল দু’টি দ্বারা ইঙ্গিত করলেন এবং এ দু’টির মাঝে কিঞ্চিত ফাঁক রাখলেন।”(সহিহ বুখারি: ৫৩০৪)। কুরআনের এই অর্থনৈতিক নীতিমালা অনুসরণ করলে একটি শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব, যেখানে এতিম, অসহায় ও দুস্থদের অধিকার সুরক্ষিত থাকবে।
পারিবারিক কাঠামো ও অধিকার
একটি সুস্থ সমাজের মূল ভিত্তি হলো আদর্শ পরিবার। পবিত্র কুরআন পরিবারকে কেবল একটি সামাজিক বন্ধন নয়, বরং একটি বরকতময় প্রতিষ্ঠান বলা হয়েছে । মহান আল্লাহ নির্দেশ দিয়েছেন, “তোমরা আল্লাহর ‘ইবাদাত কর, কিছুকেই তাঁর শরীক করো না এবং মাতা-পিতা, আত্মীয়-স্বজন, ইয়াতীম অভাবগ্রস্ত, নিকট প্রতিবেশী, দূর প্রতিবেশী, সাথী, মুসাফির এবং তোমাদের আয়ত্তাধীন দাস-দাসীদের সঙ্গে সদ্ব্যবহার কর, নিশ্চয়ই আল্লাহ ঐ লোককে ভালবাসেন না, যে অহংকারী, দাম্ভিক।” (সূরা নিসা: ৩৬)। ইসলামিক মতে একটি সুখী ও শান্তিময় পরিবারের প্রথম ও প্রধান শর্ত হলো আল্লাহভীতি বা তাকওয়া অবলম্বন করা এবং এর ভিত্তিতে পবিত্র বিবাহ বন্ধন সম্পন্ন করা। কুরআনে আল্লার এই উপদেশ স্বামী-স্ত্রীর মাঝে হৃদ্যতা, সন্তানের প্রতি সঠিক দিকনির্দেশনা এবং প্রবীণদের প্রতি সশ্রদ্ধ সেবার এক অপূর্ব সমন্বয়।
সম্পদ বণ্টনের ক্ষেত্রেও ইসলাম পুরুষের সাথে নারীর অধিকারকেও ইনসাফের ভিত্তিতে সুসংহিত করেছে। যা পরিবারের অভ্যন্তরীণ শান্তি-শৃঙ্খলা বজায় রাখে। কুরাআনে বর্ণিত হয়েছে- “আল্লাহ তোমাদেরকে তোমাদের সন্তান-সন্ততির (অংশ) সম্পর্কে নির্দেশ দিচ্ছেন, পুরুষ দুই নারীর অংশের সমান পাবে, তবে সন্তান-সন্ততি যদি শুধু দু’জন নারীর অধিক হয় তাহলে তাঁরা রেখে যাওয়া সম্পত্তির তিন ভাগের দু’ ভাগ পাবে, আর কেবল একটি কন্যা থাকলে সে অর্ধেক পাবে এবং তার পিতা-মাতা উভয়ের প্রত্যেকে রেখে যাওয়া সম্পত্তির ছয় ভাগের এক ভাগ পাবে যদি তার সন্তান থাকে, আর যদি তার সন্তান না থাকে এবং তার ওয়ারিশ মাতা-পিতাই হয়, সে অবস্থায় তার মাতার জন্য এক তৃতীয়াংশ, কিন্তু তার ভাই-বোন থাকলে, তার মাতা পাবে ছয় ভাগের এক ভাগ, (ঐসব বণ্টন হবে) তার কৃত ওয়াসীয়াত অথবা ঋণ পরিশোধের পর। তোমরা জান না তোমাদের পিতা এবং সন্তানদের মধ্যে কে তোমাদের পক্ষে উপকারের দিক দিয়ে অধিকতর নিকটবর্তী। (এ বণ্টন) আল্লাহর পক্ষ হতে নির্ধারিত করে দেয়া হয়েছে, নিশ্চয় আল্লাহ মহাজ্ঞানী, প্রজ্ঞাশীল। তোমাদের স্ত্রীদের রেখে যাওয়া সম্পত্তির অর্ধেক তোমাদের জন্য- যদি তাদের কোন সন্তান না থাকে আর যদি সন্তান থাকে, তবে তোমাদের জন্য তাদের রেখে যাওয়া সম্পত্তির এক চতুর্থাংশ, তাদের কৃত ওয়াসীয়াত কিংবা ঋণ পরিশোধের পর এবং তারা তোমাদের রেখে যাওয়া সম্পত্তির সিকি অংশ পাবে যদি তোমাদের কোন সন্তান না থাকে, আর তোমাদের সন্তান থাকলে তাদের জন্য তোমাদের সম্পত্তির আট ভাগের একভাগ- তোমাদের কৃত ওয়াসীয়ত কিংবা ঋণ পরিশোধের পর। যদি পিতা-মাতাহীন ও সন্তানহীন কোন পুরুষ বা নারীর শুধু বৈপিত্রেয় একটি ভাই বা একটি ভগ্নি থাকে, তবে প্রত্যেকের জন্য ছ’ ভাগের এক ভাগ। যদি তারা তার চেয়ে অধিক হয়, তবে সকলেই তৃতীয়াংশে শরীক হবে কৃত ওয়াসীয়াত কিংবা ঋণ পরিশোধের পরে, যদি কারো জন্য ক্ষতিকর না হয়, এ হল আল্লাহর বিধান, আল্লাহ সর্বজ্ঞ, সহনশীল।”(সূরা নিসা: ১১-১২)। রাসূলুল্লাহ (সা.) বলেন,“তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে নিজের পরিবারের কাছে উত্তম। আর আমি তোমাদের চেয়ে আমার পরিবারের কাছে অধিক উত্তম।”(সুনানে ইবনে মাজাহ: ১৯৭৭)। সমকালীন সমাজের রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে পড়া পারিবারিক অস্থিরতা ও ভাঙন রোধে আল-কুরআনের নির্দেশিত এই স্বর্গীয় নীতিমালাগুলোই মানবজাতির জন্য একমাত্র সুনিশ্চিত ও কল্যাণময় সমাধান। সন্তান লালন-পালন থেকে শুরু করে জ্যেষ্ঠদের সম্মান রক্ষা, পারিবারিক জীবনের প্রতিটি সংকটে কুরআনের এই সমাধানগুলোই পারে একটি শান্তিপূর্ণ ও সমৃদ্ধ সমাজ উপহার দিতে।
প্রজ্ঞা ও যুক্তিবিদ্যা
কুরআন মানুষকে অন্ধ অনুসরণ নয়, বরং চিন্তা ও প্রজ্ঞা ব্যবহারের আহ্বান জানায়। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা বারবার প্রশ্ন করেছেন- “তোমরা কি চিন্তা করো না?” বা “তোমরা কি দেখো না?”। এটি মানুষের যুক্তি ও বিশ্লেষণ ক্ষমতাকে জাগ্রত করে। আমরা যদি সৃষ্টিজগত এবং প্রকৃতির নিদর্শনগুলো পর্যবেক্ষণ করি তাহলেই আমরা স্রষ্টাকে চিনতে পারবো । এইজন্য আমাদেরকে শুধু বই পড়লেই হবে না, বরং আমাদের নিজস্ব প্রজ্ঞাকে কাজে লাগাতে হবে। রাসূলুল্লাহ (সা.) বলেছেন- “জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলিমের উপর ফারয। অপাত্রে জ্ঞান দানকারী শুকরের গলায় মণিমুক্তা ও সোনার হার পরানো ব্যাক্তির সমতুল্য।”(সুনানে ইবনে মাজাহ: ২২৪)। জ্ঞান ও প্রজ্ঞা মানুষকে কুসংস্কার এবং ভ্রান্ত ধারণা থেকে মুক্ত করে। একজন বুদ্ধিমান ব্যক্তি কেবল লোকমুখে শুনে বিশ্বাস করে না, বরং যেকোনো বিষয়ের গভীরে গিয়ে তা অনুধাবন করে। কুরআন ও হাদিসের প্রজ্ঞাবৃত্তিক আহ্বান মানুষকে আধুনিক জ্ঞান-বিজ্ঞানে উৎসাহিত করে এবং তাকে একজন সচেতন মুমিন হিসেবে গড়ে তোলে। প্রজ্ঞাই হলো মুমিনের হারানো সম্পদ, যা তাকে সত্য ও মিথ্যার পার্থক্য বুঝতে সাহায্য করে এবং একটি সুন্দর সমাজ গড়তে সাহায্য করে।
মনস্তত্ত্ব ও আত্মশুদ্ধি
আল্লাহ তায়ালা পবিত্র কুরাআনে ১৪০০ বছর আগেই তাযকিয়াতুন নাফস বা আত্মশুদ্ধির সমাধান দিয়েছে। মানুষের মনের অশান্তি, হিংসা, অহংকার এবং লোভ দূর করার প্রধান উপায় হলো আল্লাহর যিকির। আল্লাহ তাআলা বলেন, “তারাই ঈমান আনে এবং আল্লাহর স্মরণে তাদের অন্তর প্রশান্তি লাভ করে। জেনে রেখ, আল্লাহর স্মরণের মাধ্যমেই দিলের সত্যিকারের প্রশান্তি লাভ করা যায়।”(সূরা রাদ: ২৮)। নিয়মিত কুরআন তিলাওয়াত এবং এর অর্থ অনুধাবন করা মানুষের আত্মাকে কলুষতামুক্ত করে এবং তাকে আল্লাহর আরও নিকটবর্তী করে তোলে। একজন আত্মশুদ্ধিপ্রাপ্ত মানুষই পারে সমাজে ভালোবাসা ও নৈতিকতা ছড়িয়ে দিতে।
নেতৃত্ব ও আন্তর্জাতিক সুশাসন
ইসলামে নেতৃত্ব কোনো বিলাসিতা নয়, বরং এটি একটি আমানত। নেতৃত্ব ও বিচারকার্য হতে হবে ইনসাফ ও ন্যায়ের ভিত্তিতে। আল্লাহ তাআলা বলেন, “নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন, হকদারদের হক তাদের কাছে পৌঁছে দিতে। তোমরা যখন মানুষের মাঝে বিচার করবে তখন ন্যায়পরায়ণতার সঙ্গে বিচার করবে। আল্লাহ তোমাদেরকে কত উত্তম উপদেশই না দিচ্ছেন; নিশ্চয়ই আল্লাহ সবকিছু শোনেন, সবকিছু দেখেন।” (সূরা নিসা: ৫৮)। যা শত্রু-মিত্র নির্বিশেষে সবার জন্য ন্যায়বিচার নিশ্চিত করে। রণক্ষেত্রেও নারী, শিশু এবং প্রকৃতির সুরক্ষা নিশ্চিত করার যে অনন্য মানবিক নীতিমালা ইসলাম প্রবর্তন করেছে, তা আধুনিক আন্তর্জাতিক মানবিক আইনের প্রকৃত পথপ্রদর্শক। যখন পৃথিবী ছিল অন্ধকারাচ্ছন্ন, তখনই ইসলাম যুদ্ধের বিভীষিকার মাঝে ইনসাফ ও দয়ার এক অভূতপূর্ব মানদণ্ড স্থাপন করেছিল। কুরআনের বিধান পৃথিবীতে ন্যায়বিচার এবং মানবাধিকার সুরক্ষায় এক অনন্য মানদণ্ড। একজন প্রকৃত নেতা হবে জনগণের সেবক, যে ক্ষমতার দাপট নয় বরং সততা ও আমানতদারির মাধ্যমে সমাজ পরিচালনা করবে। আন্তর্জাতিক সম্পর্কে শান্তি ও ইনসাফ বজায় রাখার জন্য কুরআনের এই সুশাসন নীতি বিশ্বের জন্য আদর্শ।
কুরআনের উপমা ও শব্দশৈলী
কুরআনের অন্যতম বৈশিষ্ট্য হলো এর অলৌকিক শব্দবিন্যাস এবং উপমা। এটি কোনো কাব্যগ্রন্থ নয়, কিন্তু এর ছন্দ ও ব্যাকরণ বিশ্বের শ্রেষ্ঠ ভাষাবিদদেরও হার মানিয়েছে। আল্লাহ তাআলা মানুষেকে বিভিন্ন বিষয় বুঝাতে কুরআনে মৌমাছি, মাকড়সা এবং প্রকৃতির বিভিন্ন উপমা ব্যবহার করেছেন। যেমন: “যারা আল্লাহকে বাদ দিয়ে অন্যদেরকে অভিভাবকরূপে গ্রহণ করেছে তাদের দৃষ্টান্ত হল মাকড়সার মত। সে ঘর বানায়, আর ঘরের মধ্যে মাকড়সার ঘরই সবচেয়ে দুর্বল; যদি তারা জানত!” (সূরা আল-আনকাবুত: ৪১)। কুরআনের প্রতিটি আয়াত এবং শব্দচয়ন এমন যে, তা বারবার পড়লেও পুরাতন মনে হয় না। এটি থেকে বুঝা যায় যে, আল কুরআনের সংক্ষিপ্ত পরিচয় তুলে ধরতে গেলে এর ভাষাগত বিস্ময়কে কোনোভাবেই উপেক্ষা করা সম্ভব নয়। এটি মানুষের হৃদয় ও মনের ওপর এক প্রভাব ফেলে এবং মানুষকে গভীর জীবনদর্শন ও নৈতিকতা শিক্ষা দেয়, যা আজ পর্যন্ত কোনো মানব রচিত গ্রন্থ করতে পারেনি।
সময় ব্যবস্থাপনা ও নৈতিকতা
আজকের ব্যস্ত এবং আধুনিক বিশ্বে সময়ের সঠিক ব্যবহার করা আমাদের জন্য অনেক কঠিন একটা বিষয়। কুরআন সময়ের গুরুত্ব বোঝাতে সময়ের শপথ নিয়েছে। আল্লাহ বলেন, “সময়ের শপথ! নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে। কিন্তু তারা নয় যারা ঈমান আনে ও সৎকর্ম করে এবং পরস্পরকে সত্যের উপদেশ দেয় এবং পরস্পরকে ধৈর্য ধারণের উপদেশ দেয়।”(সূরা আল-আসর: ১-৩)। প্রতিটি সেকেন্ডের জন্য আমরা আল্লাহর কাছে দায়বদ্ধ। আমাদের অনলাইন আচরণ, সোশ্যাল মিডিয়া ব্যবহার এবং ব্যক্তিগত জীবনে নৈতিকতা বজায় রাখা কুরআনের শিক্ষার অবিচ্ছেদ্য অংশ। গীবত, মিথ্যা প্রচার এবং অন্যের দোষ খোঁজা ইসলামে কঠোরভাবে নিষেধ। সঠিক সময় ব্যবস্থাপনা ও শৃঙ্খলা মুমিনের জীবনের একটি অপরিহার্য ইবাদত এবং সাফল্যের মূল চাবিকাঠি। আল্লাহর প্রতিটি বিধানের মাঝেই নিহিত রয়েছে সময়ের নিখুঁত ব্যবস্থাপনা। এক্ষেত্রে আমরা পাঁচ ওয়াক্ত সালাত, সিয়াম এবং হজের বিধানগুলোর দিকে তাকালে সময়ের সেই গুরুত্বই স্পষ্টভাবে অনুধাবন করতে পারি। আমরা যদি এই সময় সংক্রান্ত নির্দেশনা মেনে চলি, তবে আমাদের দুনিয়া ও আখেরাত উভয় জাহানে সফল হতে পারব, অনৈতিক কাজ এড়িয়ে সত্য ও সুন্দরের প্রচারক এবং জীবনকে একটি লক্ষ্যপূর্ণ দিকে পরিচালিত করতে পারব।
পরকাল ও তাওবা
মানুষের জীবনের শেষ গন্তব্য হলো পরকাল এবং এর প্রস্তুতিই হলো দুনিয়ার জীবনের আসল উদ্দেশ্য। আমাদের এই জীবন ক্ষণস্থায়ী। আল্লাহ তাআলা বলেন, “জীবমাত্রই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে; আমি তোমাদেরকে মন্দ ও ভাল দিয়ে বিশেষভাবে পরীক্ষা করে থাকি এবং আমারই নিকট তোমরা প্রত্যানীত হবে।”(সূরা আম্বিয়া: ৩৫)। আল্লাহ পরম দয়ালু, তাই ভুল মানুষকে অন্ধকারের দিকে ঠেলে না দিয়ে তাওবা ও ক্ষমা পাওয়ার পথ উন্মুক্ত রেখেছেন। তিনি বলেন,“বল- হে আমার বান্দাগণ! যারা নিজেদের উপর বাড়াবাড়ি করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করে দেবেন। তিনি অতি ক্ষমাশীল, অতি দয়ালু।”(সূরা আল-জুমার: ৫৩)। জীবনের যেকোনো পর্যায়ে দাঁড়িয়েই মানুষ নিজেকে সংশোধন করে আলোর পথে ফিরে আসতে পারে। পরকালের সচেতনতা আমাদের কেবল মন্দ কাজ থেকেই বিরত রাখে না, বরং সততা ও তাকওয়ার পথে চলতে উৎসাহিত করে। এটিই একজন মানুষকে দায়িত্বশীল ও নৈতিক চরিত্রবান হিসেবে গড়ে তোলে, যা পরকালে অনন্ত সাফল্যের নিশ্চয়তা দেয়।
উপসংহার
পরিশেষে বলা যায়, পবিত্র কুরআন কেবল একটি ধর্মগ্রন্থ নয়, বরং এটি মানবজাতির জন্য নাজিলকৃত এক জীবন্ত মুজিজা। আমরা যদি আমাদের ব্যক্তিগত অশান্তি, পারিবারিক কলহ, অর্থনৈতিক বৈষম্য কিংবা সামাজিক অস্থিরতার দিকে তাকাই, তবে দেখব প্রতিটি সমস্যার সমাধান এই মহাগ্রন্থের পাতায় পাতায় বিদ্যমান। বিজ্ঞানের বিস্ময়কর আবিষ্কার থেকে শুরু করে মনস্তাত্ত্বিক প্রশান্তি সবকিছুরই মূল উৎস হলো আল্লাহর এই বাণী। আধুনিকতার মোড়কে আমরা যতই উন্নত হই না কেন, কুরআনের এই শাশ্বত জীবনবিধান ছাড়া প্রকৃত মুক্তি ও সফলতা অসম্ভব। তাই আসুন, আমরা কেবল বরকতের জন্য কুরআন তিলাওয়াত না করে, এর অর্থ অনুধাবন করি এবং নিজের জীবনে এর প্রতিফলন ঘটাই। কারণ, যে হৃদয়ে কুরআনের আলো থাকে, সে হৃদয় কখনো পথ হারায় না। মহান আল্লাহ আমাদের সবাইকে কুরআনের শিক্ষায় নিজেদের জীবনকে আলোকিত করার তাওফিক দান করুন। আমীন। আরও পড়ুন