
ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা, যা মানবজীবনের প্রতিটি স্তরে ইনসাফ, সাম্য ও ন্যায়বিচার প্রতিষ্ঠার ওপর বিশেষ গুরুত্বারোপ করে। বিশেষত অর্থনৈতিক কর্মকাণ্ডে মালিক ও শ্রমিকের সুসম্পর্ককে সমাজের মূল চালিকাশক্তি হিসেবে বিবেচনা করা হয়েছে। আমাদের সমাজে বিভিন্ন পেশার মানুষ যেমন কৃষক, শ্রমিক, দিনমজুর, প্রতিষ্ঠানের কর্মচারী সকলে নিজ নিজ দায়িত্ব পালন করে একটি ভারসাম্যপূর্ণ সামাজিক কাঠামো গড়ে তোলে, যেখানে সবাই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে একে অপরের ওপর নির্ভরশীল। প্রচলিত ব্যবস্থায় যেখানে মালিক-শ্রমিক সম্পর্ক প্রায়ই শোষণ ও সংঘাতের মাধ্যমে চিহ্নিত হয়, সেখানে ইসলাম উপস্থাপন করেছে ভ্রাতৃত্ব, সহমর্মিতা ও পারস্পরিক দায়বদ্ধতার এক অনন্য দৃষ্টিভঙ্গি। ইসলাম মালিককে শ্রমিকের প্রতি দায়িত্বশীল ও সহানুভূতিশীল হতে এবং শ্রমিককে তার কাজে আমানতদার ও নিষ্ঠাবান থাকার শিক্ষা দেয়। তাই কুরআন ও সুন্নাহর আলোকে মালিক-শ্রমিক সম্পর্ক কেবল অর্থনৈতিক লেনদেন নয়, বরং একটি নৈতিক ও সামাজিক দায়বদ্ধতার বিষয়। এই নিবন্ধে আমরা ইসলামে মালিক-শ্রমিক সম্পর্কের নীতি, অধিকার ও দায়িত্ব সম্পর্কে বিস্তারিত আলোচনা করব।
ইসলামের দৃষ্টিতে মালিক-শ্রমিক সম্পর্কের মূলনীতি
ইসলামের দৃষ্টিতে মালিক ও শ্রমিকের সম্পর্ক কোনো প্রতিপক্ষতার নয়, বরং তারা সমাজের দুইটি গুরুত্বপূর্ণ ও অবিচ্ছেদ্য পরিপূরক অংশ। ইসলাম এই সম্পর্ককে ক্ষমতার ভিত্তিতে নয়, বরং মানবিকতা, ন্যায়বিচার, দায়িত্ববোধ এবং পারস্পরিক সম্মানের উপর প্রতিষ্ঠিত করতে শিক্ষা দেয়। বিশ্বনবী হযরত মুহাম্মদ ﷺ শ্রমিকের মর্যাদাকে এত উচ্চ স্থানে উন্নীত করেছেন যে, তিনি তাদেরকে কেবল কর্মচারী হিসেবে নয়, বরং নিজের ভাই হিসেবে গণ্য করতে নির্দেশ দিয়েছেন। তাই ইসলামের আদর্শ অনুযায়ী মালিকের উচিত শ্রমিকের সাথে ন্যায়পরায়ণতা, সহানুভূতি ও সদাচরণের মাধ্যমে আচরণ করা এবং শ্রমিকের অধিকার যথাযথভাবে আদায় করা। রাসূলুল্লাহ ﷺ ইরশাদ করেন, “তোমাদের অধীনস্থ ব্যক্তিরা (শ্রমিক বা খাদেম) তোমাদেরই ভাই। আল্লাহ তাআলা তাদের তোমাদের অধীন করে দিয়েছেন। অতএব, যার ভাই তার অধীনে রয়েছে, সে যেন তাকে তাই খাওয়ায় যা সে নিজে খায় এবং তাকে তাই পরায় যা সে নিজে পরে। তাকে এমন কোনো কঠিন কাজ করতে বাধ্য করো না, যা তার সাধ্যের বাইরে। আর যদি এমন কঠিন কাজ দিতেই হয়, তবে যেন মালিক নিজেও তাকে সেই কাজে সাহায্য করে।” (সহিহ বুখারি ২৫৪৫)।
এই হাদিসটি মালিক-শ্রমিক সম্পর্ককে আরও দৃঢ় করে তোলে। ক্ষমতার প্রভাব খাটিয়ে শ্রমিকের ওপর জুলুম বা বৈষম্য করার কোনো সুযোগ ইসলামে নেই। বরং শ্রমিকের মৌলিক চাহিদা- অন্ন ও বস্ত্রের মান যেন মালিকের সমপর্যায়ের হয়, সেই অনন্য মানবিক ও ভ্রাতৃত্বপূর্ণ দৃষ্টিভঙ্গি লালন করাই ইসলামের প্রকৃত শিক্ষা।
ইসলামে শ্রমিকের অধিকার ও ন্যায্য পারিশ্রমিক
শ্রমিকের ন্যায্য পারিশ্রমিক প্রদান করা ইসলামের দৃষ্টিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নৈতিক, ধর্মীয় ও সামাজিক দায়িত্ব। ইসলাম স্পষ্টভাবে নির্দেশ দেয় যে, শ্রমিকের অধিকার যেন কোনোভাবেই ক্ষুণ্ন না হয়। এ কারণেই শ্রমের মূল্য দ্রুত ও ন্যায্যভাবে পরিশোধ করার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে। রাসূলুল্লাহ (সা.) কঠোরভাবে সতর্ক করে বলেছেন যে, “শ্রমিকের ঘাম শুকানোর আগেই তার মজুরি দিয়ে দাও” (ইবনে মাজাহ: ২৪৪৩)। কিন্তু বাস্তব সমাজে প্রায়ই দেখা যায়, কাজ সম্পন্ন করার পরও শ্রমিকদের পারিশ্রমিক দীর্ঘদিন ধরে আটকে রাখা হয় বা বিভিন্ন অজুহাতে কম দেওয়া হয়, যা নিঃসন্দেহে জুলুম ও হারাম কাজের অন্তর্ভুক্ত। এ বিষয়ে নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন,“আল্লাহ তা‘আলা ঘোষণা করেছেন যে, কিয়ামতের দিবসে আমি নিজে তিন ব্যক্তির বিরুদ্ধে বাদী হবো। এক ব্যক্তি, যে আমার নামে ওয়াদা করে তা ভঙ্গ করল। আরেক ব্যক্তি, যে কোন আযাদ মানুষকে বিক্রি করে তার মূল্য ভোগ করল। আর এক ব্যক্তি, যে কোন মজুর নিয়োগ করে তার হতে পুরো কাজ আদায় করে এবং তার পারিশ্রমিক দেয় না।” (সহীহ বুখারীর ২২২৭)। তাই ইসলামের দৃষ্টিতে শ্রমিকের ন্যায্য পারিশ্রমিক কোনো দয়া বা অনুগ্রহ নয়; এটি তার প্রাপ্য হক (অধিকার), যা আদায় করা মালিকের জন্য একটি নৈতিক, সামাজিক ও ধর্মীয় দায়িত্ব। এই অধিকার থেকে শ্রমিককে বঞ্চিত করা হলে তা কেবল দুনিয়াতে অবিচারই নয়, বরং পরকালে কঠোর জবাবদিহিতা ও শাস্তির কারণ হয়ে দাঁড়াবে।
একটু চিন্তা করুন, যার পক্ষে স্বয়ং মহাবিশ্বের প্রতিপালক মামলা লড়বেন, সেই মালিকের বাঁচার কি কোনো পথ থাকবে? শ্রমিকের বেতন আটকে রেখে আপনি হয়তো দামী গাড়ি বা অট্টালিকা বানাচ্ছেন, কিন্তু সেই অট্টালিকার প্রতিটি ইটে মিশে আছে শ্রমিকের দীর্ঘশ্বাস। শ্রমিকের পাওনা নিয়ে টালবাহানা করা মানে নিজের জন্য জাহান্নামের আগুনকে আমন্ত্রণ জানানো।
শ্রমিকের প্রতি ন্যায়বিচার ও মানবিক আচরণ
ইসলাম শ্রমিককে কখনোই একটি যন্ত্র বা নিছক উৎপাদনের উপকরণ হিসেবে দেখে না; বরং তাকে সম্মান, মর্যাদা ও মানবিক অধিকারের অধিকারী একজন মানুষ হিসেবে বিবেচনা করে। অনেক সময় অধিক মুনাফার আশায় শ্রমিকের উপর তার সামর্থ্যের বাইরে অতিরিক্ত কাজ চাপিয়ে দেওয়া হয়, যা ইসলামের ন্যায়বিচারের নীতির পরিপন্থী। কুরআনে সূরা কাসাসে বর্ণিত আছে, যখন হযরত শুআইব (আ.) হযরত মুসা (আ.)-কে শ্রমিক হিসেবে নিয়োগ দেন, তখন তিনি বলেছিলেন: “আমার এই কন্যাদ্বয়ের একজনের সঙ্গে তোমার বিয়ে দেয়ার আমি ইচ্ছে করেছি এই শর্তে যে, তুমি আট বছর আমার কাজ করে দেবে, আর যদি দশ বছর পূর্ণ কর সেটা তোমার ইচ্ছেধীন, আমি তোমাকে কষ্টে ফেলতে চাই না, আল্লাহ ইচ্ছে করলে তুমি আমাকে সৎকর্মপরায়ণ পাবে।” (সূরা কাসাস: ২৭)। শ্রমিকের কর্মঘণ্টা সুনির্দিষ্ট হওয়া, পর্যাপ্ত বিশ্রামের সুযোগ দেওয়া এবং অতিরিক্ত কাজ করালে তার ন্যায্য অতিরিক্ত পারিশ্রমিক প্রদান করা অপরিহার্য। একই সঙ্গে শ্রমিকের সঙ্গে নম্রতা ও সম্মানের সঙ্গে আচরণ করা একজন ইমানদার মালিকের মৌলিক বৈশিষ্ট্য হওয়া উচিত। ইসলাম স্পষ্টভাবে ঘোষণা করেছে যে মালিক ও শ্রমিকের সম্পর্ক কোনো প্রভু-দাসের সম্পর্ক নয়; বরং এটি পারস্পরিক সম্মান ও ভ্রাতৃত্বের বন্ধনে গড়ে ওঠা একটি মানবিক সম্পর্ক।
একজন মালিকের সবসময় মনে রাখা উচিত যে, তার হাতে থাকা ক্ষমতা, সম্পদ ও অবস্থান আসলে আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি পরীক্ষা। আজ যিনি মালিক, আল্লাহ চাইলে কাল তিনিই শ্রমিকের কাতারে দাঁড়িয়ে যেতে পারেন এটি আল্লাহর কাছে সামান্য ব্যাপার। তাই শ্রমিকের সাথে তুচ্ছতাচ্ছিল্য করা বা তাকে মানুষের মর্যাদা না দেওয়া আসলে আল্লাহর দেওয়া নিয়ামতেরই অবমাননা। ইসলামের শিক্ষা হলো, মালিক যেন নিজের জীবনযাপনের মানের সঙ্গে সামঞ্জস্য রেখে শ্রমিকের প্রয়োজন ও সম্মানের প্রতিও যত্নবান হন। অর্থাৎ ক্ষমতার দাপট নয়, বরং সহমর্মিতা, মানবিকতা ও ভ্রাতৃত্ববোধ-ই হোক মালিক-শ্রমিক সম্পর্কের প্রকৃত ভিত্তি।
শ্রমিকের দায়িত্ব: আমানতদারিতা, দক্ষতা ও নিষ্ঠা
মালিক ও শ্রমিকের সম্পর্ক যেহেতু দুই পক্ষের ওপরই নির্ভরশীল, তাই ইসলামে শুধু মালিকের নয়, শ্রমিকের ওপরও কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে। এই সম্পর্ককে সুন্দর ও ন্যায়ভিত্তিক রাখতে উভয়েরই নিজ নিজ দায়িত্ব সততার সঙ্গে পালন করা জরুরি। একজন শ্রমিক যখন কোনো কাজ বা দায়িত্ব গ্রহণ করেন, তখন তার সময়, শ্রম এবং দক্ষতা মালিকের কাছে একটি আমানত হিসেবে গণ্য হয়। এই আমানতের প্রতি অবহেলা করা বা কাজে ফাঁকি দেওয়া ইসলামের দৃষ্টিতে খেয়ানতের শামিল। যা মুনাফিকের লক্ষণ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “মুনাফিকের চিহ্ন তিনটিঃ ১. যখন কথা বলে মিথ্যা বলে; ২. যখন অঙ্গীকার করে ভঙ্গ করে এবং ৩. আমানত রাখা হলে খিয়ানাত করে।” (সহিহ বুখারি: ৩৩)। কুরআনে আদর্শ শ্রমিকের গুণাবলী সম্পর্কে বলা হয়েছে,“স্ত্রীলোক দু’টির একজন বলল- ‘হে পিতা! পারিশ্রমিকের বিনিময়ে তাকে নিযুক্ত করুন, আপনি যাদেরকে মজুর নিযুক্ত করবেন তাদের মধ্যে উত্তম যে শক্তিশালী, বিশ্বস্ত।” (সূরা কাসাস: ২৬)। এই আয়াতের মাধ্যমে বোঝা যায় যে একজন আদর্শ শ্রমিকের মধ্যে দক্ষতা ও সততা এই দুই গুণ থাকা অত্যন্ত জরুরি।
একজন মুমিন শ্রমিকের জন্য কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব হলো-
- কাজে সততা ও আমানতদারিতা বজায় রাখা
- কাজে ফাঁকি না দেওয়া
- সময় ও কর্মঘণ্টার সঠিক ব্যবহার করা
- দক্ষতা ও পেশাগত যোগ্যতা উন্নত করা
- মালিকের সম্পদ ও সরঞ্জামের যত্ন নেওয়া
- নিষ্ঠা ও আন্তরিকতার সাথে কাজ করা
আখেরাতে জবাবদিহিতা: মালিক-শ্রমিক সম্পর্কের চূড়ান্ত হিসাব
মালিক ও শ্রমিকের সম্পর্ক কেবল দুনিয়ার কোনো শ্রম আইন বা পার্থিব চুক্তিতে সীমাবদ্ধ নয়; বরং এটি আল্লাহ তাআলার কাছে একটি বড় আমানত। দুনিয়ার আদালতে কেউ প্রভাব বা ক্ষমতার জোরে পার পেয়ে যেতে পারে, কিন্তু আখেরাতের আদালতে প্রতিটি মুহূর্ত এবং প্রতিটি পয়সার জন্য জবাবদিহিতা করতে হবে। এ বিষয়ে রাসূলুল্লাহ (সা.) বলেছেন, “জেনে রেখো! তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল; আর তোমরা প্রত্যেকেই নিজ অধীনস্থদের সম্পর্কে জিজ্ঞাসিত হবে। অতএব ইমাম, যিনি জনগণের দায়িত্বশীল, তিনি তার অধীনস্থদের সম্পর্কে জিজ্ঞাসিত হবেন। পুরুষ গৃহকর্তা তার পরিবারের দায়িত্বশীল; সে তার অধীনস্থদের সম্পর্কে জিজ্ঞাসিত হবে। নারী তার স্বামীর পরিবার, সন্তান-সন্ততির উপর দায়িত্বশীল, সে এসব সম্পর্কে জিজ্ঞাসিত হবে। কোন ব্যক্তির দাস স্বীয় মালিকের সম্পদের দায়িত্বশীল; সে এ সম্পর্কে জিজ্ঞাসিত হবে। অতএব জেনে রাখ, প্রত্যেকেই দায়িত্বশীল এবং তোমাদের প্রত্যেকেই নিজ নিজ দায়িত্বাধীন বিষয় সম্পর্কে জিজ্ঞাসিত হবে।” (সহীহ বুখারী: ৭১৩৮)। কিয়ামতের সেই কঠিন দিনে একজন মালিককে জবাব দিতে হবে যে, কেন তিনি শ্রমিকের ওপর সাধ্যের বাইরে কাজের বোঝা চাপিয়েছিলেন, কেন তাকে অপমান করেছিলেন কিংবা তার প্রয়োজনের সময় পাশে দাঁড়াননি। একইভাবে একজন শ্রমিককেও হিসাব দিতে হবে যে, সে কি মালিকের দেওয়া দায়িত্ব যথাযথভাবে পালন করেছিল, সময়ের সঠিক ব্যবহার করেছিল এবং মালিকের সম্পদের সুরক্ষা দিয়েছিল? তাই আখেরাতের এই জবাবদিহিতার চেতনা আমাদের মনে থাকলে মালিক হবেন সহমর্মী ও ন্যায়পরায়ণ, আর শ্রমিক হবেন বিশ্বস্ত ও নিষ্ঠাবান। আমাদের সবসময় মনে রাখা উচিত, দুনিয়ার এই ক্ষমতা, সম্পদ ও প্রভাব চিরস্থায়ী নয়; এগুলো আল্লাহ তাআলার দেওয়া সাময়িক পরীক্ষা মাত্র। কিন্তু আখেরাতের বিচার থেকে কারোই মুক্তি নেই। সেখানে অর্থ, ক্ষমতা বা প্রভাব কোনো কাজে আসবে না; বরং আল্লাহ তাআলার ন্যায়ের পাল্লাতেই প্রতিটি কাজের সঠিক ফয়সালা হবে।
ন্যায়, দায়িত্ব ও মানবিকতার সমন্বয়
একটি ন্যায়ভিত্তিক সমাজ ও সুস্থ অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তুলতে মালিক ও শ্রমিকের মধ্যে সুসম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইসলাম এই সম্পর্ককে শুধু কাজের লেনদেন হিসেবে দেখে না; বরং এটি পারস্পরিক দায়িত্ব, সম্মান ও মানবিকতার একটি বন্ধন। ইসলাম মালিককে শিখিয়েছে বিনয়, সহমর্মিতা ও ন্যায়পরায়ণতা; আর শ্রমিককে শিখিয়েছে সততা, আমানতদারিতা ও নিষ্ঠার সাথে কাজ করা। যখন একজন মালিক তার শ্রমিককে কেবল কর্মচারী নয়, বরং একজন ভাই হিসেবে সম্মান দেয় এবং একজন শ্রমিক নিজের কাজকে দায়িত্ব ও আমানত মনে করে আন্তরিকতার সাথে সম্পন্ন করে, তখনই কর্মক্ষেত্রে প্রকৃত শান্তি ও স্থিতি প্রতিষ্ঠিত হয়। আজকের সমাজে শিল্প ও কর্মক্ষেত্রে যে অস্থিরতা দেখা যায়, তার প্রকৃত সমাধান রয়েছে কুরআন ও সুন্নাহর এই শিক্ষার মধ্যেই। মালিক ও শ্রমিক উভয়েই যদি আল্লাহর কাছে জবাবদিহিতার অনুভূতি হৃদয়ে ধারণ করে নিজ নিজ দায়িত্ব পালন করে, তবে তা শুধু দুনিয়ার সমৃদ্ধিই বয়ে আনবে না; বরং আখেরাতের মুক্তি ও সফলতার পথও প্রশস্ত করবে। আরও পড়ুন